বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের' কী ভূমিকা ছিল? দশম শ্রেণি, ইতিহাস

 বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের' কী ভূমিকা ছিল?

উত্তর:- বঙ্গভঙ্গ-বিরোধী জাতীয় শিক্ষা আন্দোলনের অঙ্গরূপে গড়ে ওঠে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট।

প্রতিষ্ঠা: বিশিষ্ট আইনজীবি ও শিক্ষাদরদি তারকনাথ পালিতের উদ্যোগে ১৯০৬ খ্রিস্টাব্দে কলকাতায় এই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে।

উদ্দেশ্য: এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশি নিয়ন্ত্রণমুক্ত শিক্ষাব্যবস্থার প্রচলন এবং বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার।

পৃষ্ঠপোষকগণ: এই শিক্ষায়তনের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু এবং প্রথম সভাপতি নিযুক্ত হন রাসবিহারী ঘোষ। এ ছাড়াও মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, ভূপেন্দ্রনাথ বোস, নীলরতন সরকার প্রমুখ শিক্ষাব্রতী প্রথম থেকেই এই শিক্ষাপ্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন।

পাঠ্যক্রম: প্রথমদিকে এখানে দুই রকমের পাঠ্যক্রম চালু হয়। একটি ছিল তিন বছরের অন্তর্বর্তী পাঠ্যক্রম। অপরটি ছিল চার বছরের মাধ্যমিক পাঠ্যক্রম। প্রবেশিকা পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্ররাও এখানে অন্তর্বর্তী পাঠ্যক্রমে ভরতি হওয়ার সুযোগ পেত। এখানে গ্রন্থ প্রকাশনা, রং মাখানো, ছুতোরের কাজ, বিভিন্ন ধরনের খোদাই করা, সাবান তৈরি, চামড়া ট্যান করা প্রভৃতি শেখানো হত। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণরা মাধ্যমিক পাঠ্যক্রমে ভরতির সুযোগ পেত। এদের পাঠ্যক্রমের তিনটি প্রধান বিষয় ছিল-যন্ত্র বিজ্ঞান ও বৈদ্যুতিক যন্ত্র বিজ্ঞান, ফলিত রসায়ন এবং ভূবিদ্যা। প্রমথ বসু, শরৎ দত্ত, প্রফুল্ল মিত্র প্রমুখ খ্যাতনামা শিক্ষক এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।


সমন্বয়: ১৯১০ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে মিশে যায়। আর স্বাধীনতার পর ১৯৫৫ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।


উপসংহার :-  স্বদেশি যুগের এই বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে নিঃসন্দেহে অঙ্কুরিত হয়েছে স্বদেশবোধ ও জাতীয়তাবোধ। ঔপনিবেশিক শিক্ষার পুতুল গড়ার কল ভেঙে প্রকৃত মানুষ গড়ার শপথ নিয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান ও এর সঙ্গে যুক্ত শিক্ষাব্রতীরা।



Mosiur Rahaman,  M.A History 


Comments

Popular posts from this blog

ইতিহাস, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ :

নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল কেন? অথবা, নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয়েছিল কেন?

প্রশ্ন: ২ নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করেন? Class- IX, HISTORY